দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ
- আপডেট সময় : ০৭:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা হাইস মাইক্রোবাস জব্দ করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ইব্রাহিম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্যামবকসী এলাকার তাইজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই স্থানে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন একটি টয়োটা হাইস মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৫-৮১৮১) তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে চালকের আসনের পেছনের সিটের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি বক্স থেকে ১৪টি প্যাকেটে মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে আড়াই কেজি করে গাঁজা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইব্রাহিম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




















