নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, মোটরসাইকেল চালক পলাতক
- আপডেট সময় : ০৫:৫৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ৩৭৮০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সুমাইয়া অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন। অটোরিকশাটি নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সুমাইয়া অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।























