দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ভেকুর ব্যাটারি ও ড্রাম ট্রাক জব্দ
- আপডেট সময় : ০৫:৪০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৩৭৮৯ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১টায় এ অভিযান পরিচালনা করা হয়।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাটি কাটায় ব্যবহৃত ভেকুর ২টি ব্যাটারি (১২ ভোল্ট) এবং ১টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানিয়েছে, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
























