প্রশাসনের বাধা উপেক্ষা করে দেবিদ্বারে ফের চলছে অবৈধ ড্রেজার, হুমকির অভিযোগ
- আপডেট সময় : ০৭:১৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৩৭৯৯ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের ভল্লবপুর পশ্চিমপাড়া ২ নং ওয়ার্ডের বৈশখলা এলাকায় কৃষি জমি নষ্ট করে ফের অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন চলছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে স্থানীয় ভুক্তভোগী মো. এনাম জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি চক্র আবারও রমরমাভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি তুলছে। এতে আশপাশের কৃষি জমি ভেঙে যাচ্ছে এবং কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন।
তার অভিযোগ, ড্রেজার মেশিনের মালিক মো. বাবুল মিয়া। প্রতিবাদ করলে ভুক্তভোগীদের মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা জানান, ভল্লবপুর বাজার থেকে পশ্চিম দিকে গিয়ে বাবুলের বাড়ি থেকে দক্ষিণ দিকে কৃষি মাঠে অবৈধ ড্রেজার মেশিনটি চলমান রয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে অবৈধ ড্রেজার বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
























