চান্দিনার মহিচাইল কলেজে সভা, শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ
- আপডেট সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৩৭৯৭ বার পড়া হয়েছে
মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল আনয়ন নিষিদ্ধ, অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
একটি মুঠোফোন—যোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু বয়সের সঙ্গে দায়িত্ববোধ তৈরি হওয়ার আগেই সেই মুঠোফোন যখন শিক্ষার্থীদের নিত্যসঙ্গী হয়ে ওঠে, তখন তা শিক্ষাজীবনের জন্য আশীর্বাদের বদলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যম, অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার কিংবা অপ্রয়োজনীয় অনলাইন কার্যক্রমে জড়িয়ে পড়ায় ব্যাহত হচ্ছে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের মুঠোফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার থেকে দূরে রাখতে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এরই অংশ হিসেবে কুমিল্লার চান্দিনায় প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধকরণ এবং অভিভাবকদের সচেতন করতে অনুষ্ঠিত হয়েছে সতর্কতামূলক সভা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ব্যবহারের নেতিবাচক দিক, এর প্রভাব এবং শিক্ষার্থীদের সুস্থ বিকাশে অভিভাবক ও শিক্ষকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের,সহকারী অধ্যাপক মো. ছালাহ উদ্দিন ও সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে প্রযুক্তি পৌঁছে দেওয়া যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা। বিশেষ করে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি তাদের পড়াশোনা, শারীরিক ও মানসিক বিকাশ এবং নৈতিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে কঠোরতা অবলম্বনের পাশাপাশি পরিবারেও নজরদারি বাড়াতে হবে।
আলোচনায় অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলা হয়, সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোসা. নার্গিস আক্তার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. শাহজাহান কবির, এ কে এম নজরুল ইসলাম, প্রভাষক সৈয়দ মোহাম্মদ নিজাম উদ্দিন, মাহবুবুর রহমান, শরিফুর রহমান, মো. আব্দুর রহমান এবং শরীরচর্চা শিক্ষক মো. শাহ জালালসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
























