গাজীপুরে লিথি গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ, কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক
- আপডেট সময় : ১০:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত লিথি গ্রুপের পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাগুলোর প্রধান ফটকে নোটিশ টানিয়ে বন্ধের ঘোষণা দেওয়া হলে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।
বন্ধ হওয়া ইউনিটগুলোর মধ্যে রয়েছে অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম ফ্যাশন লিমিটেড, ফমকম ডাইং লিমিটেড, ফমকম প্রিন্টিং লিমিটেড এবং ফমকম নিটিং লিমিটেড
শ্রমিকদের অভিযোগ, কারখানা বন্ধের আগে তাদের পাওনা বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শ্রমিক প্রতিনিধিরা দ্রুত কারখানা পুনরায় চালু এবং বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষের দাবি, ব্যাংকিং সহায়তা ও কার্যাদেশসংক্রান্ত জটিলতার কারণে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তবে শ্রমিকদের পাওনা আইন অনুযায়ী পরিশোধ করা হবে বলে তারা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট প্রশাসন ও শিল্প পুলিশের কর্মকর্তারা নজরদারি বাড়িয়েছেন।
























