নবীনগরে মন্দিরের তালা ভেঙে প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ।
- আপডেট সময় : ০৮:২৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৩৮১৯ বার পড়া হয়েছে
নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি মন্দিরের তালা ভেঙে চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
গতকাল রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে পৌর এলাকার মধ্যপাড়া নিবাসী শান্তি ডাক্তারের বাড়ির পারিবারিক মন্দিরে এই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল মন্দিরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরে থাকা পুনে দুই ভরি স্বর্ণ প্রায় চার লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে পরিবারের সদস্যরা মন্দিরের তালা ভাঙা এবং মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি টের পান।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। পরপর মন্দিরে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।























