চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬
- আপডেট সময় : ০২:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৩৭৮৭ বার পড়া হয়েছে
চান্দিনায় ১৭ নভেম্বর ২০২৬ কুমিল্লার চান্দিনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি, মাদকসংশ্লিষ্ট ব্যক্তি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চান্দিনা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল)-এর তত্ত্বাবধানে এবং চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলার ১ জন, পুরাতন মামলার ১ জন, একজন মাদকসেবী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গোলাম হোসেন প্রকাশ মিলন (৫০), চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মো. শরীফ হোসেন (২৩), মাইজখার ইউনিয়নের টামটা গ্রামের মো. হাবিব উল্লাহ (৫৯), উজিরপুর গ্রামের গোলাম মোস্তফা (৪৮), সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের একবালিয়া গ্রামের মো. মাঈন উদ্দিন (২২) এবং চান্দিনার নাওতলা গ্রামের মেহেদী হাসান (২২)।
পুলিশ জানায়, গোলাম হোসেন প্রকাশ মিলনকে নিয়মিত মামলায়, শরীফ হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এবং হাবিব উল্লাহকে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া গোলাম মোস্তফাকে একটি জিআর গ্রেফতারি পরোয়ানামূলে এবং মাঈন উদ্দিনকে মাদকসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে, মাদক সেবনের অপরাধে মেহেদী হাসানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।























