সরকারি দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে ১৬ জেলায় অভিযান, জরিমানা ৪ লাখ ২৬ হাজার টাকা
- আপডেট সময় : ০২:৩০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ২৫৪২ বার পড়া হয়েছে
সরকার নির্ধারিত দামে এলপিজি (গ্যাস) সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলায় একযোগে বিশেষ তদারকি ও অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) অধিদপ্তরের ২৩টি টিম ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রশিদ বা ভাউচার সংরক্ষণ এবং সিলিন্ডারের ওজনের সঠিকতা যাচাই করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৯টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ রোধ এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে এলপিজি সিলিন্ডার প্রাপ্তি নিশ্চিত করতেই এ বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের বিশেষ তদারকি ও দেশব্যাপী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ওজনে কম দেওয়া কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।



















