নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭ লাখ টাকার সুতা জব্দ, আটক ভ্যানচালক
- আপডেট সময় : ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ২৫১৭ বার পড়া হয়েছে
নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭ লাখ টাকার সুতা জব্দ, আটক ভ্যানচালক
নরসিংদীর মাধবদীতে শুল্ক ও কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা ভর্তি একটি ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় ভ্যানের চালককেও হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে ভ্যানটি জব্দ করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা সুতা নারায়ণগঞ্জের পুরিন্দা থেকে নরসিংদীর মাধবদীর একটি পোশাক কারখানায় নেওয়া হচ্ছিল। পথে মাধবদীর বিরামপুর এলাকায় ভ্যানটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক কামরুল হাসান ভ্যানটি থামিয়ে থানায় নিয়ে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, মাধবদীর জাহাঙ্গীর ট্রেডার্স থেকে মর্ডান ট্রেডার্সের জন্য এসব সুতা পরিবহন করা হচ্ছিল। জব্দ করা সুতার পরিমাণ ২ হাজার ২০০ পাউন্ড, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। তবে প্রাথমিকভাবে এসব সুতার বৈধ আমদানি, শুল্ক ও কর পরিশোধের কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
এ ঘটনায় ইতোমধ্যে কাস্টমস কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। জব্দ করা সুতার বৈধ আমদানিপত্র, শুল্ক চালানের সত্যতা এবং প্রকৃত গন্তব্য যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



















