দেবিদ্বার পৌরসভায় ভবন নির্মাণে অনুমোদন জটিলতা, অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে জনদুর্ভোগ
- আপডেট সময় : ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৩৭৯২ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় ভবন নির্মাণের নকশা অনুমোদনে দীর্ঘদিনের জটিলতায় অপরিকল্পিতভাবে গড়ে উঠছে আবাসিক এলাকা। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে নাগরিক সুবিধার অভাবে বাড়ছে জনদুর্ভোগ ও নিরাপত্তাঝুঁকি।
সরেজমিনে দেখা যায়, দেবিদ্বার পৌরসভার বিভিন্ন এলাকায়, বিশেষ করে মোহনা আবাসিক এলাকায় পরিকল্পিত নগরায়ণের নিয়ম-নীতি উপেক্ষা করে নির্মিত হচ্ছে বহুতল ভবন। অনেক ক্ষেত্রে পৌরসভার অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। ফলে মানা হচ্ছে না ভবন নির্মাণবিধি। পর্যাপ্ত রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও ভবনের মধ্যবর্তী প্রয়োজনীয় ফাঁকা জায়গাও রাখা হচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত পৌরকর পরিশোধ করেও তাঁরা কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা পাচ্ছেন না। রাস্তা, ড্রেন, কালভার্টসহ মৌলিক অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
মোহনা আবাসিক এলাকার বাসিন্দা মো. রফিক মিয়া বলেন, ‘আমরা সরকারকে নিয়মিত পৌরকর দিই, কিন্তু সে অনুযায়ী নাগরিক সুবিধা পাচ্ছি না। রাস্তা, পোল-কালভার্ট ও ড্রেনের কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই। বর্ষা এলেই চরম ভোগান্তিতে পড়তে হয়।’
সরেজমিনে আরও দেখা যায়, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভাঙাচোরা রাস্তা ও প্রয়োজনীয় কালভার্টের অভাবে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি একটি ভবনের সঙ্গে আরেকটি ভবন লাগোয়া করে নির্মাণ করায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ নিয়েও উদ্বেগ রয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, ভবন নির্মাণের নকশা অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। এতে ভবন নির্মাণ খাত থেকে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।
অনুমোদন জটিলতা নিরসনে কমিটি গঠন, জানালেন পৌর প্রশাসক এ বিষয়ে দেবিদ্বার পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ সমর্থিত পৌর মেয়রসহ অনেক কাউন্সিলর দায়িত্ব ছেড়ে চলে যান। ফলে ভবন নির্মাণের নকশা অনুমোদনসংক্রান্ত কমিটি বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। এ কারণে অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, ‘বর্তমানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে ভবন নির্মাণের অনুমোদনপ্রত্যাশীরা আবেদন করলে তা যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে আর কোনো জটিলতা থাকার কথা নয়।’
অনুমোদন ছাড়া ভবন নির্মাণের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে পৌর প্রশাসক বলেন, এখন থেকে আর কোনো অনুমোদনহীন ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। কেউ অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করলে তাঁর বিরুদ্ধে পৌর প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নগর পরিকল্পনাবিদ ও সচেতন নাগরিকদের মতে, শুধু কমিটি গঠন করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; নিয়মিত তদারকি, স্বচ্ছ অনুমোদন প্রক্রিয়া, রাজস্ব আদায় এবং পরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে দেবিদ্বার পৌরসভায় অপরিকল্পিত নগরায়ণ আরও জটিল আকার ধারণ করতে পারে।






















