১৬ বছরের বকেয়া পাওনা আদায়ের দাবিতে শ্রম ভবনের সামনে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন
- আপডেট সময় : ০২:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৩৮৪৪ বার পড়া হয়েছে
১৬ বছরের বকেয়া পাওনা আদায়ের দাবিতে শ্রম ভবনের সামনে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন
গ্রামীণফোনের সাবেক শ্রমিক-কর্মচারীদের ২০১০ থেকে ২০১২ সালের Workers’ Profit Participation Fund (WPPF) ও Workers’ Welfare Fund (WWF)-সংক্রান্ত ৫ শতাংশ বিলম্বজনিত সুদ, বিনিয়োগ আয় ও অন্যান্য আইনগত পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাবেক কর্মীরা দীর্ঘ ১৬ বছরের অমীমাংসিত পাওনা দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
কর্মসূচি থেকে শ্রম অধিদপ্তর (DoL) এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (DIFE) কাছে নিরপেক্ষ তদন্ত, বিশেষ আর্থিক নিরীক্ষা এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
ঐক্য পরিষদের নেতারা জানান, ২০১০, ২০১১ ও ২০১২ সালে গ্রামীণফোনে কর্মরত সাবেক শ্রমিক-কর্মচারীদের WPPF ও WWF-সংক্রান্ত মূল অর্থ পরিশোধ করা হলেও বিলম্বজনিত সুদ, তহবিলের বিনিয়োগ আয় এবং অন্যান্য আইনগত আর্থিক সুবিধা নিয়ে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। ফলে দীর্ঘদিন ধরে সাবেক কর্মী ও তাঁদের পরিবার আর্থিক ও সামাজিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তাঁরা আরও জানান, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান এবং সংশ্লিষ্ট সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে দাবি জানিয়ে আসছেন। তবে এখনো গ্রহণযোগ্য স্থায়ী সমাধান পাওয়া যায়নি।
আন্দোলনকারীরা শ্রম অধিদপ্তরের উদ্যোগে গ্রামীণফোন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট ট্রাস্টি বোর্ড ও ঐক্য পরিষদের প্রতিনিধিদের নিয়ে দ্রুত ত্রিপক্ষীয় বৈঠকের দাবি জানান। একই সঙ্গে DIFE-এর মাধ্যমে তহবিলের হিসাব, অর্থ জমা, বিনিয়োগ ও বিতরণ কার্যক্রমের নিরপেক্ষ তদন্ত এবং বিশেষ আর্থিক নিরীক্ষার আহ্বান জানান।
কর্মসূচিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি চিঠির বিষয়ও তুলে ধরা হয়। নেতারা জানান, ওই চিঠিতে আদালতের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি অথবা উভয় পক্ষের সম্মতি ও প্রয়োজনীয় আদালতীয় অনুমতি সাপেক্ষে Arbitration বা Alternative Dispute Resolution (ADR) প্রক্রিয়ার সম্ভাবনা বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া গ্রামীণফোন কর্তৃপক্ষের উল্লেখ করা Deed of Undertaking-এর আইনগত বৈধতা, স্বেচ্ছাসম্মতি ও কার্যকারিতা নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানান আন্দোলনকারীরা।
ঐক্য পরিষদের নেতারা জানান, দীর্ঘদিনের এই বিরোধের মধ্যে তাঁদের সাতজন সাবেক সহকর্মী মৃত্যুবরণ করেছেন। তাঁদের আইনানুগ উত্তরাধিকারীদের পাওনা ও অধিকার যথাযথভাবে সংরক্ষণেরও দাবি জানানো হয়।
কর্মসূচি থেকে স্মারকলিপি গ্রহণের সাত কার্যদিবসের মধ্যে প্রাপ্তিস্বীকার, ১৫ কার্যদিবসের মধ্যে প্রাথমিক সমন্বয় সভা এবং ৩০ কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত বা অগ্রগতি প্রতিবেদন প্রকাশের প্রস্তাব দেওয়া হয়।
বক্তারা বলেন, তাঁরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না। আদালতের এখতিয়ার ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ তদন্ত, আর্থিক নিরীক্ষা এবং দায়িত্বশীল আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই বিরোধের ন্যায়সংগত সমাধান চান।
ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ, অহিংস ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
কর্মসূচিতে গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবুসাদাত মোঃ শোয়েবসহ সাবেক শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।






















