দিনাজপুরে টিআরসি নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন
- আপডেট সময় : ০৫:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৩৮০৫ বার পড়া হয়েছে
দিনাজপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রমের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় নিয়োগপ্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার সুযোগ নেই। এ বিষয়ে নিয়োগপ্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতেই প্রত্যেক প্রার্থী নিয়োগের সুযোগ পাবেন। তাই চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোনো ব্যক্তি বা দালালের মাধ্যমে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।
নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।






















