কুচক্রী মহলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ কামাল হোসেন ভুট্টোর
- আপডেট সময় : ০৭:১৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩৮০০ বার পড়া হয়েছে
মিথ্যা হয়রানির প্রতিবাদ — কামাল হোসেন ভুট্টোর
কুচক্রী মহলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ কামাল হোসেন ভুট্টোর
কবরস্থানের অর্থের অপব্যবহার ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কবরস্থান কমিটির দ্বিতীয় ক্যাশিয়ার কামাল হোসেন ভুট্টো। তাঁর দাবি, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে কামাল হোসেন ভুট্টো জানান, তিনি টিক্কারচর এলাকার বাসিন্দা এবং কবরস্থান কমিটির দ্বিতীয় ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনকালে কবরস্থানের কোনো অর্থ নিজের ইচ্ছামতো এক খাত থেকে অন্য খাতে স্থানান্তর কিংবা অর্থের অপব্যবহার করেননি বলে দাবি করেন তিনি।
তিনি জানান, শবে বরাত উপলক্ষে কমিটির স্বাক্ষরিত প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা, তাল বিক্রি থেকে ৩ থেকে ৪ হাজার টাকা, ঈদে সেলামি এবং কবরস্থানের হুজুরের কাছ থেকে পাওয়া প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা ও দানবাক্স থেকে প্রতি তিন মাসে আনুমানিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকা জমা হতো।
তাঁর ভাষ্য অনুযায়ী, এসব অর্থ থেকে কবরস্থানের হুজুরের বেতন বাবদ বছরে ২৪ হাজার টাকা, বিদ্যুৎ বিল বাবদ প্রায় ২৩ থেকে ২৪ হাজার টাকা, ওজুখানার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে ৮ থেকে ১০ হাজার টাকা এবং লাইটসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করা হতো।
কামাল হোসেন ভুট্টোর দাবি, এসব খরচের হিসাব তিনি কমিটির কাছে বুঝিয়ে দিয়েছেন। অবশিষ্ট অর্থ কমিটির সম্মতিক্রমে ব্যাংকে জমা রাখা হয়েছে।
তিনি আরও জানান, কবরস্থানের সব খাতের অর্থ তাঁর কাছে জমা হতো না। অন্যান্য যেসব খাত থেকে আয় আসত, সেসব অর্থ সরাসরি কাউন্সিলরের কাছে জমা দেওয়া হতো। ফলে ওই খাতগুলোর হিসাব তাঁর কাছে থাকার কথা নয় বলে দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে কামাল হোসেন ভুট্টো বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তাঁর সামাজিক সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তিনি দায়িত্ব পালনকালে কখনো কবরস্থানের অর্থের অপব্যবহার করেননি। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রমাণসহ উপস্থাপনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একপক্ষের বক্তব্য শুনে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শুনে কবরস্থানের আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে যাচাই করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।























