বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ
- আপডেট সময় : ০৪:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩৭৭৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দিরে পৌঁছেছে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রোববার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে পালকিতে করে বিগ্রহটি কান্তনগর মন্দিরে নেওয়া হয়। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাস উৎসব।
রাজ দেবোত্তর এস্টেট সূত্রে জানা যায়, রাজপরিবারের দীর্ঘদিনের চিরাচরিত প্রথা অনুযায়ী রোববার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে নগ্নপদে পালকিতে করে কান্তজীউ বিগ্রহের যাত্রা শুরু হয়। যাত্রাপথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পথে চারটি স্থানে যাত্রাবিরতি শেষে দুপুরের মধ্যে বিগ্রহটি কান্তনগর মন্দিরে পৌঁছায়।
এর আগে রাজবাড়ী মন্দিরে শত শত নারী-পুরুষ, ভক্ত ও পুণ্যার্থী ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহকে বিদায় জানান। এ সময় মন্দির প্রাঙ্গণে এক আবেগঘন ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
প্রতি বছরের মতো এবারও কান্তনগর মন্দিরে রাস উৎসবকে ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ঐতিহ্যবাহী এ উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় কান্তজীউ রাস উৎসব দিনাজপুরের অন্যতম আকর্ষণীয় আয়োজন হিসেবে পরিচিত।























