শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি জোরদার
- আপডেট সময় : ০৪:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩৭৭২ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে বেনাপোলসহ যশোরের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে যাতায়াত করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দলকে নিয়মিত টহল দিতে দেখা যায়। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে দেশে প্রবেশ কিংবা দেশ থেকে ভারতে যেতে না পারে, সে বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এর মধ্যে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবেন—এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
বিজিবি অধিনায়ক সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে হবে।























