চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে হুজরাপুর উৎসব ক্লাবের মশক নিধন কার্যক্রম
- আপডেট সময় : ০৫:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ২৫১৬ বার পড়া হয়েছে
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে হুজরাপুর উৎসব ক্লাব।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় হুজরাপুর জোড়া মঠ, কাজীপাড়া ও পাঠানপাড়াসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু হয়। এ সময় এলাকার অলিগলি, ড্রেন ও জনসমাগমপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থলে ব্লিচিং পাউডার ছিটানো হয়।
ক্লাবের তরুণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমিরুল, পিন্টু, মামুন, আশিফ, শাওন, ধলুসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিরা।
হুজরাপুর উৎসব ক্লাবের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে তাদের এ সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, এলাকার পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগ গ্রহণ করায় হুজরাপুর উৎসব ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


























