শাহপরীর গোলারচরে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল পাচারকারীরা
- আপডেট সময় : ০৪:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ২৫১৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা গোলারচর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করেন কোস্ট গার্ড সদস্যরা। পরে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সমুদ্রে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার ও বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।



























