কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ
- আপডেট সময় : ০৯:২৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ২৫১৪ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত আনা হয়।
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
কালবেলার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে শশীদল সীমান্তের ২০৫৯ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের অভিযানে গিয়ে তাঁরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের ভাষ্য অনুযায়ী, কনস্টেবল রোহিত দেওয়ান এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে সীমান্তের ওপারে চলে যান। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে এএসআই ইমরান হোসেনও আটক হন। এরপর তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ শুরু করে। শেষ পর্যন্ত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত আনা হয়।


























