বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলাম মঞ্জুর পরিদর্শন কক্ষ উদ্বোধন, পরে বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ২৫২১ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় সংসদ সদস্যের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নবসজ্জিত ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জগদল হাটপুকুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
শনিবার (১৭ অক্টোবর) সকালে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের আয়োজনে ও সভাপতিত্বে পরিদর্শন কক্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে কক্ষটির উদ্বোধন করা হয়। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়।
নতুন এই পরিদর্শন কক্ষের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়, উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সুচিন্তিত মতামত ও সঠিক পরিকল্পনার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এখন থেকে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এই কার্যালয়ে তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ, পরামর্শ গ্রহণ এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য পরিদর্শন কক্ষটি নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠান ও পরবর্তী কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি ও ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও পৌর মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান শিক্ষক আব্দুল কাদের, মরিচা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।
এ সময় মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জগদল হাটপুকুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এ কর্মসূচি পালন করা হয়।



























