শার্শা-বেনাপোলে ৩২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন
- আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ২৫২৬ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যশোরের শার্শা ও বেনাপোল এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উপজেলার ৩২টি পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠবে পুরো এলাকা—এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে প্রতিটি মণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, প্রতি বছরের মতো এবারও উপজেলার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শার্শা ও বেনাপোল থানার পুলিশ জানিয়েছে, দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন তৎপর থাকবে।
শার্শা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীলকমল সিংহ জানান, উপজেলার সব পূজামণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য প্রশাসন ও স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
এদিকে বেনাপোল পৌরসভার পাটবাড়ী দুর্গামন্দিরে গিয়ে দেখা যায়, প্রতিমা নির্মাণ ও সাজসজ্জাসহ উৎসবের অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেনাপোল পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল জানান, পৌর এলাকার সংশ্লিষ্ট মণ্ডপে চারটি প্রতিমা তৈরি করা হয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি সামাল দিতে এবং উৎসবকে বর্ণিল করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
শার্শা বাজারের স্বর্ণ ব্যবসায়ী উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, সারা বছর মানুষ দুর্গাপূজার দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকেন। ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে এবারের উৎসব আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন পূজামণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেন। গত ১০ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৫টায় বেনাপোলের রহমান চেম্বারের হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে তিনি ব্যক্তিগত উদ্যোগে নগদ আর্থিক অনুদান তুলে দেন।
সব মিলিয়ে শার্শা ও বেনাপোলে দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব উদযাপিত হবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।



























