তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২৫২২ বার পড়া হয়েছে
কুমিল্লার তিতাসে উৎসবমুখর পরিবেশে বন্দরামপুর আদর্শ একাডেমির নবম প্রতিষ্ঠাবার্ষিকী, এসএসসি ২০২৫ ও ২০২৬ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার বন্দরামপুর নয়াপাড়া আদর্শ একাডেমি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মেদ মোফাচ্ছের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও শরীরচর্চার প্রতিও তাদের আগ্রহী করে তুলতে হবে। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, বন্দরামপুর আদর্শ একাডেমির প্রধান উপদেষ্টা মো. আবদুল আলিম, ইঞ্জিনিয়ার হারুণ উর রশিদ গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, একাডেমির উপদেষ্টা ও কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরকার আবুল কালাম আজাদ, গ্রামীণ প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক সালাহউদ্দিন আহমেদ, মিশন স্কুলের প্রধান শিক্ষক ফরহাদ আহমেদ, সমাজসেবক রাজা মিয়া সওদাগর, একাডেমির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মোহাম্মদ খাইরুদ্দিন, কোষাধ্যক্ষ এম এ কাইয়ুম এবং পরিচালনা পর্ষদের সদস্য মজিবুর রহমান, মাসুদ রানা ও মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান হোসেনের সঞ্চালনায় প্রথম পর্বে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।



























