টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ১২:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২৫২২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগে মোহাম্মদ আরকান (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে এ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন ক্যাম্প সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রনি আলম নূর।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত ৯টার দিকে ক্যাম্পের এ/০৪ ব্লকের বাসিন্দা জান্নাতারা (২৭) নামে এক নারীকে লক্ষ্য করে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ ওঠে একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ আরকানের বিরুদ্ধে।
ঘটনার পর স্থানীয় রোহিঙ্গারা তাকে আটক করে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে সংশ্লিষ্ট ব্লকের মাঝির জিম্মায় দেওয়া হয়।
সোমবার এ ঘটনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় মোহাম্মদ আরকানকে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এপিবিএন জানায়, এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।



























