গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯
- আপডেট সময় : ০৬:২৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ২৫১২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে সেখানে এসব কার্যক্রম চালানো হচ্ছিল। এ বিষয়ে তারা একাধিকবার প্রশাসনকে অবহিত করেন।
এর আগে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালালেও হোটেলটিতে গোপনে এসব কার্যক্রম চলছিল বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষের সদস্যসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।



























