নবীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২৫৫৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা মাওলানা মো. হেলাল উদ্দিন।
নবীনগর উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী আবু কাওসার আহমেদ ও পৌর যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন অনিকের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান।
এ সময় বক্তব্য দেন নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, পৌর বিএনপির সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল ও আশরাফ হোসেন রাজু, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সহসভাপতি মো. মলাই মিয়া এবং জাসাস ও যুবদলের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতারা।
বক্তারা তাঁদের বক্তব্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রম, প্রতিষ্ঠার ইতিহাস এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে স্থানীয় যুবদলের নেতাকর্মীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























