দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে ৩৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার
- আপডেট সময় : ০৬:২৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ২৫২৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে ৩৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার
মোঃ মোমিনুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৪৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছেন। জব্দ করা এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ২০০ টাকা।
গত শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ পণ্যের চোরাচালান রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে বিজিবি। গত ১০ অক্টোবর অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩৪৮ বোতল বাংলাদেশে তৈরি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। মাদকদ্রব্য ও অবৈধ পণ্যের চোরাচালান বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



























