কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- আপডেট সময় : ১২:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ২৫১৫ বার পড়া হয়েছে
ভারতের কলকাতা থেকে দেশে ফিরেছে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে সড়কপথে তার মরদেহ বাংলাদেশে প্রবেশ করে।
এ সময় বেনাপোল চেকপোস্টে তার মরদেহ গ্রহণ করেন বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন। পরে পুলিশি প্রহরায় মরদেহটি বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান।
এর আগে কলকাতার অ্যাপোলো হাসপাতালে শনিবার সকাল ৭টার দিকে ৪৮ বছর বয়সে মারা যান রোটন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। মরদেহ দেশে পাঠানোর জন্য উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনুমতিপত্রও ইস্যু করা হয়।
দূতাবাস সূত্রে জানা যায়, কলকাতা থেকে রোটনের মরদেহ তার বোনের ছেলে সোহানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মরদেহ দেশে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনাপত্তিপত্র দেওয়া হয়।
মরদেহ হস্তান্তরের সময় পুলিশ, বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, মরদেহ দেশে আসাকে কেন্দ্র করে ভোর থেকেই বেনাপোল চেকপোস্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত রাখা হয়।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ১৯ আগস্ট পাসপোর্ট ব্যবহার করে বেনাপোল দিয়ে ভারতে যান রোটন। চিকিৎসার জন্য তিনি দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছিলেন তিনি।



























